ফিফা সভাপতি পদে প্রার্থী হলেন প্লাতিনি

 
দুর্নীতির অভিযোগে জর্জরিত ফিফায় সভাপতি পদে প্রার্থী হবার ঘোষণা দিলেন মিশেল প্লাতিনি। ইউরোপসহ চারটি মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের সমর্থন পাবার ইঙ্গিতের পর চূড়ান্ত ঘোষণাটি দিলেন উয়েফা সভাপতি ও সাবেক ফরাসি ফুটবলার প্লাতিনি।
 
ফিফার সভাপতি এবং সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো এক চিঠিতে প্লাতিনি বুধবার বলেন, ‘এটা খুব ব্যক্তিগত এবং সুচিন্তিত সিদ্ধান্ত। যাতে আমি আমার নিজের ভবিষ্যতের সঙ্গে ফুটবলের ভবিষ্যতকে এক করে দেখেছি।’
 
বর্তমান সভাপতি সেপ ব্লাটার সংস্থাটিতে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গত মাসের প্রথমদিকে ফিফা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর ২০ জুলাই ফিফার পক্ষ থেকে জানানো হয় আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে বিশেষ অধিবেশনে ফুটবলের বিশ্ব সংস্থাটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
প্লাতিনির সভাপতি প্রার্থিতা ঘোষণার পরপরই তাকে ফিফার জন্য নেতিবাচক বলে মত দিয়েছেন ব্লাটারের কাছে হেরে যাওয়া জর্ডানের যুবরাজ প্রিন্স আলি বিন আল-হুসেইন। এক বিবৃতিতে আলি বলেন, ‘প্লাতিনি ফিফার জন্য ইতিবাচক নন।’ প্রিন্স এ দফায়ও প্রার্থী হতে পারেন।
 
প্লাতিনি অবশ্য ২০০৭ সালে নির্বাচিত হওয়ার পর উয়েফা সভাপতি হিসেবে ফুটবলের উন্নতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ৬০ বছর বয়সী প্লাতিনি। পরবর্তী বছরের ইউরো চ্যাম্পিয়নশিপে যেকোনো বারের তুলনায় সর্বোচ্চ ২৪ টি দল অংশগ্রহণ করানোর কৃতিত্ব তারই। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগকে জনপ্রিয় করে তোলার পিছনেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তিনবারের ব্যালন ডি’অর জয়ী প্লাতিনির।
 
ফিফা সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়ে সাবেক ফরাসি অধিনায়ক বলেন, ‘আমি ফুটবলের স্বার্থে ক্লান্তিহীনভাবে কাজ করে যাব। আমি আপনাদের সমর্থন এবং ফুটবলের জন্য আমাদের সাধারণ ভালোবাসার উপর নির্ভর করছি। যাতে আমরা কোটি কোটি ফুটবল ভক্তদের আশানুরূপ একটি দৃষ্টান্তমূলক, একত্রিত, সংহত এবং সম্মানিত ফিফা উপহার দিতে পারি।-বিবিসি