পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলংকা

 
কলম্বোতে বৃহস্পতিবার ও শনিবার দুটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ী হয়ে চলমান সফরে পাকিস্তানের কাছে তিন ফর্মেটের সিরিজেই পরাজয়ের লজ্জা থেকে বাঁচতে চায় স্বাগতিক শ্রীলংকা। চলতি সফরে প্রথমে ২-১ ব্যাবধানে টেস্টের পর ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতে নেয় সফরকারী পাকিস্তান। ফলে ২০০৬ সালের পর দ্বীপ রাষ্ট্রটিতে এই প্রথমবার ডাবল সিরিজ জয়ের রেকর্ড গড়তে সক্ষম হয় পাকিস্তানীরা।
 
তবে প্রেমাদাসা স্টেডিয়ামে সফরের শেষ দুই ম্যাচে নিজেদের গৌরব অক্ষুণ্ন রাখার সুযোগ পাচ্ছে টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ও সংক্ষিপ্ত ভার্সনের শীর্ষ র‍্যাংকধারী শ্রীলংকা। উভয় দলই নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন করে মাঠে নামছে। পেসার লাসিথ মালিঙ্গা নেতৃত্ব দেবেন শ্রীলংকার এবং র্যাংকিংয়ের পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের নেতৃত্ব দেবেন অল-রাউন্ডার শহিদ আফ্রিদি।
 
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া মালিঙ্গা পাঁচ ম্যাচ সিরিজের চারটি ওয়ানডে খেললেও দুই ফর্মেটে ইতোমধ্যেই অবসর নিয়েছেন আফ্রিদি এবং চলতি সফরে প্রথম মাঠে নামছেন। ভারতে অনুষ্ঠিতব্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র আট মাস বাকি থাকায় উভয় দলই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নতুন খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছে।

 
শ্রীলংকার ১৫ সদস্যের দলে ব্যাটসম্যান শেহান জয়সুরিয়া, দুসান শানাকা ও ধনঞ্জয় ডি সিলভা এবং ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দো ও লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসেসহ পাঁচ জনই নতুন মুখ। টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নেকে দলে রাখা হয়নি। তবে ওয়ানডে সিরিজে দলের বাইরে থাকা সিমার নুয়ান কুলাসেকারাকে পুনরায় স্কোয়াডে রাখা হয়েছে।

শ্রীলংকা দলের প্রধান নির্বাচক সাংবাদিকদের বলেন, আমাদের তারুণ্য নির্ভর একটি দল প্রয়োজন এবং আগামী টি-টোয়েন্টি ও ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে পর্যায়ক্রমে আমরা সে দিকেই হাঁটছি। তাদেরকে মাঠে সুযোগ দেয়া এবং তাদের পারফরমেন্স আমাদের দেখা দরকার।’
 
পক্ষান্তরে অধিনায়ক আফ্রিদিসহ পাকিস্তান দলেও যোগ হয়েছেন পাঁচজন, যারা টেস্ট ও ওয়ানডে খেলেননি। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকেই দলের বাইরে থাকা বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজের পরিবর্তে সুযোগ পেয়েছেন আরেক বাঁ-হাতি পেসার জিয়া-উল-হক।
 
চার বছর পর পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরেছে তিন টেস্টে ২৪ উইকেট শিকার করা লেগ স্পিনার ইয়াসির শাহ। এছাড়া ৩৩ বছর বয়সী মোহাম্মদ ইরফানকেও দলে রেখেছে পাকিস্তান।
 
দল:
 
শ্রীলংকা (সম্ভাব্য): লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুশল পেরেরা, কিথুরুয়ান ভিথানাগে, ধনঞ্জয় ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দুসান সানাকা, চামারা কাপুগেদারা, শেহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান কুলাসেকারা, বিনুরা ফার্নান্দো, চাতুরাঙ্গা ডি সিলভা, মিলিন্দা সিরিবর্ধনে।

পাকিস্তান (সম্ভাব্য): শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ হেজাদ, নুমান আনোয়ার, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, উমর আকমল, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলী, মোহাম্মদ ইরফান, জিয়া-উল-হক।