সরাইলে নৌকাডুবিতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চেতরা নদীতে নৌকাডুবে মা-মেয়েসহ তিনজন মারা গেছেন। এই ঘটনায় আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।


তারা হলেন-ফাতেমা বেগম, তার মেয়ে শেফালী  ও মসজিদের ইমাম আব্দুল কাহহার।


অরুয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, সকালে উপজেলার দুবাজাইল এলাকা থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী নৌকা অরুয়াইল যাচ্ছিল। পথে  নৌকাটি দুবাজাইল ঘাট ছাড়ার পরই প্রচণ্ড ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ১০ জন পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী মা-মেয়েসহ তিনজনের লাশ উদ্ধার করে।


তিনি আরো জানান, এ ঘটনায় আরো পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে এলাকাবাসী কাজ চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।