আবার জয় বাংলা কনসার্টে মাতবে প্রজন্ম

>> প্রজন্ম ডেস্ক

 

আবার ফিরে এলো মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত জনপ্রিয় ‘জয় বাংলা কনসার্ট’। আগামীকাল ৭ মার্চ পঞ্চমবারের মতো কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলা। গত ১ মার্চ থেকে শুরু হয়েছে জনপ্রিয় এই কনসার্টের অনলাইন রেজিস্ট্রেশন। প্রতিবারের মতো এবারও স্বাধীন বাংলা বেতারে প্রচারিত স্বাধীনতার গান গেয়ে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় আটটি ব্যান্ড দল। সেই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকছে কনসার্টে।

সিআরআই-এর কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ জানান, এবারের কনসার্টে থাকছে বে অব বেঙ্গল, শূন্য, আরবোভাইরাস, চিরকুট, আর্টসেল, নেমেসিস, লালন ও ক্রিপটিক ফেইট। কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন।

২০১৫ সাল থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে ইয়াং বাংলা আয়োজন করে আসছে জয় বাংলা কনসার্ট। শুধু তরুণেরা নয়, দেশের সকল স্তরের মানুষের কাছেই কনসার্টটি সমাদৃত। গতবার এই কনসার্ট টেলিভিশন ও অনলাইনে উপভোগ করেছে ১০ লাখের বেশি দর্শক। সরাসরি আর্মি স্টেডিয়ামে উপস্থিত থেকে কনসার্ট উপভোগ করেছে ৬০ হাজার দর্শক। আয়োজকরা আশা করছে, এবার টেলিভিশন ও অনলাইনে গতবারের থেকেও বেশি দর্শক উপভোগ করবেন কনসার্টটি।

বিগত বছরগুলোর মতো এবারও অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে কনসার্টের প্রবেশ টিকিট সংগ্রহ করতে হবে। এরমধ্যে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে হাজারো তরুণ। ২০১৪ সালে ইয়াং বাংলা আত্মপ্রকাশের পর ২০১৫ সালে প্রথম শুরু হয় জয় বাংলা কনসার্ট। এরপর থেকে প্রতিবছর দেশের তরুণ প্রজন্ম উন্মুখ হয়ে থাকে এই কনসার্টের জন্য।