প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাধীন দেশে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করবে, নিজের জীবনকে উন্নত করবে- এটাই তো মানুষের কাম্য। আর সেখানে যদি এভাবে মানুষের ক্ষতি করা হয়, তা আমরা বরদাস্ত করবো না।’
চলতি বছরের শুরুতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচির সময় ক্ষতিগ্রস্ত ১৮৫ জন বাস মালিক, নিহত ১৫ জনের পরিবারের ৩০ জন সদস্য ও সাতজন আহতকে মোট আট কোটি ৩৭ লাখ ৫৯ হাজার টাকার চেক হস্তান্তর করেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের শাস্তির ব্যবস্থা আমরা করব। তাদের কেউ রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি।’