চিরনিদ্রায় শায়িত হলেন ‘জনগণের প্রেসিডেন্ট’ খ্যাত ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। বৃহস্পতিবার নিজ জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কবর দেয়া হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এপিজে কালামের শেষকৃত্যানুষ্ঠানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। পেই কারুম্বু মাঠে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের পতাকা দিয়ে মোড়ানো কালামের মরদেহকে স্যালুট করেন। এরপর হাত গুটিয়ে তিনি কালামের দেহের চারপাশে হাঁটেন।
এপিজে কালামকে শেষ বিদায় জানাতে অনেক মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীসহ অন্যান্য রাজনৈতিক নেতারা সেখানে উপস্থিত হয়েছিলেন।
সাবেক প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানাতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ রামেশ্বরে উপস্থিত হয়েছিলেন। বাস, ট্রেন ও নৌকায় করে রামেশ্বরে পৌঁছেছেন তারা। এমনকি অনেকে গতকাল রাস্তায় রাতযাপন করেছেন।
অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর আগে কালামে মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় মসজিদে। সেখানে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় সমাধিস্থলে।
১৯৩১ সালের ১৫ অক্টোবরে এই রামেশ্বরমেই জন্মেছিলেন ভারতের ‘মিসাইল ম্যান’ আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম। গত সোমবার শিলংয়ে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন এপিজে কালাম।