হাজীগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ এবং দুইজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম ও উজ্জ্বল হাসান কোস্টগার্ড এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোস্ট গার্ডের গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টিতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রদীপ স্টোরের গোডাউন থেকে প্রায় ৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এরপর পৌর হকার্স মার্কেটে বিকাশের গোডাউন থেকে প্রায় ৩’শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

এ সময় প্রদীপ স্টোর থেকে শিমুল দেবনাথ ও বিকাশের পলিথিন দোকান থেকে হাবিবসহ দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তারা দোষ স্বীকার করায়, আদালত শিমুল দেবনাথকে ১০ হাজার ও হাবিবকে ২৫ হাজার টাকা নগদ জরিমানা করে। পরে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ‘দিনে কাজ করি, রাইতে পড়ি, পইড়া পুলিশ অইতে চাই'

বিষয়টি নিশ্চিত করে জেলা কোস্ট গার্ডের স্টেশন অফিসার আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার হাজীগঞ্জ বাজার থেকে ৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩’শ কেজি পলিথিন জব্দ এবং এ ঘটনায় ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ইত্তেফাক/কেকে