কুমিল্লায় হাসপাতালে গৃহবধূর লাশ রেখে স্বজনদের পলায়ন

জেলার বরুড়া উপজেলায় কাঞ্চন আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঝলম ইউনিয়নের মোহিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
কাঞ্চনের লাশ হাসপাতালে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে বলেও জানা গেছে।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার বাবার বাড়ি উপজেলার বিলপুকুরিয়া গ্রামে দাফন করা হয়েছে।
 
জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার বিলপুকুরিয়া গ্রামের তোফায়েল আহাম্মদের মেয়ে কাঞ্চন আক্তারের সঙ্গে একই উপজেলার মোহিতপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ইউনুছের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
 
নিহতের মা মাহমুদা আক্তার জানান, বুধবার রাতে কাঞ্চনের অসুস্থতার খবর পেয়ে তারা উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। কাঞ্চনের মাথা ও ডান চোখে জখমের চিহ্ন ছিল।
 
মাহমুদা আক্তারের অভিযোগ, জামাতা ইউনুছ এবং শাশুড়ি মাফিয়া বেগম নির্যাতন চালিয়ে কাঞ্চনকে হত্যা করেছে।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।