কারাগারে আটক বিপুলসংখ্যক নেতা-কর্মী গুরুতর অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে দাবি করে মানবিক কারণে তাদের মুক্তি চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অসুস্থ নেতাদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এই দাবি জানান বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক এতে মোনাজাত পরিচালনা করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, কারাগারে আমাদের নেতা-কর্মীরা খুব অসুবিধার মধ্যে আছেন। কিন্তু সরকার এটা বিশ্বাস করছে না। রাজনৈতিক কারণে তাদের মুক্তি দেওয়ার জন্য আমরা অসুস্থতার কথা বলছি না। বিএনপি এ ধরনের রাজনীতিতে বিশ্বাসও করে না। প্রকৃতপক্ষেই তারা অসুস্থ।
রিপন বলেন, এর আগে কারাগারে আটক অবস্থায় সম্পূর্ণ বিনা চিকিত্সায় নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও মতিঝিল এলাকার একজন ওয়ার্ড কমিশনার লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছেন। আমরা চাই না, আর কোনো নেতাকর্মীর এ পরিণতি হোক।
তিনি বলেন, আমাদের অনেক নেতা বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদসহ অনেক সিনিয়র নেতা বাইরে কিংবা কারাগারে অসুস্থ। আজকে আমরা সকল অসুস্থ নেতার আরোগ্য কামনায় খতমে শেফা করেছি। আমরা সবার দ্রুত সুস্থতা কামনা করছি।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম, জাসাস সভাপতি এম এ মালেক প্রমুখ।