প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, অবৈধ ভিওআইপি ব্যবসা ইতিমধ্যে অনেকটা বন্ধ করতে সক্ষম হয়েছি। তবে এ ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করতে সরকার কাজ করে যাচ্ছে। টেলিযোগাযোগ খাতকে দুর্নীতিমুক্ত রাখতেও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি।
গতকাল বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শন ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনে যান জয়। সকাল ১১টার দিকে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পৌঁছানোর পর প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম ও মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
সজীব ওয়াজেদ জয় বলেন, দেশের মানুষের কাছে তথ্য-প্রযুক্তি সেবা পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য। আমরা টেলিযোগাযোগ সুবিধার খরচ কমানো এবং কাভারেজ বাড়াতে চাই। তিনি বলেন, দেশে মোবাইল ফোন নেটওয়ার্ক কাভারেজ প্রায় শতভাগ পৌঁছেছে। এখন তাদের লক্ষ্য ইন্টারনেট কাভারেজও একই পর্যায়ে নিয়ে যাওয়া। এসব লক্ষ্য পূরণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন জয়।
সজীব ওয়াজেদ জয় বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। মানুষের কাছে তথ্য-প্রযুক্তির সেবা পৌঁছে দেয়া। আর টেলিযোগাযোগ হলো তথ্য-প্রযুক্তির সেবা পাওয়ার রাস্তা। তিনি বলেন, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি বিভাগ একই মন্ত্রণালয়ের অধীনে আসায় কাজ করতে আরো সুবিধা হবে।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে সজীব ওয়াজেদ জয়কে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাজের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত মোস্তফা, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, সাবমেরিন কেবলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন প্রমুখ।