কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ দুইজন নিহত ও কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে।
শুক্রবার সকালে মুষলধারে বৃষ্টি চলাকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ফুলতলা নামক স্থানে দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০ টার দিকে কুষ্টিয়া থেকে খুলনা অভিমুখী গড়াই পরিবহণের যাত্রীবাহী বাস শহরের ফুলতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ড্রাইভার ইসলাম (৪৭) ও যাত্রী মজিবর রহমান (৪৫) নিহত হন। নিহত বাসচালকের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় এবং যাত্রী মজিবর রহমান কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়। আহতদের কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে এবং পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।