বিএল কলেজের ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা

খুলনা সরকারি বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন-অর-রশিদকে লাঞ্ছিত, হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করা হয়। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
 
ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। একই ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর বৃহস্পতিবার রাতে বিএল কলেজের শিক্ষক হারুন অর রশীদ কলেজ ছাত্র ও ছাত্রলীগ নেতা দীপঙ্কর, উজ্জ্বল দাশের নামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
 
এদিকে বৃহস্পতিবার রাতে মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, লাঞ্ছিত করা ও বিভাগে ভাঙ্গচুর করায় মহানগর ছাত্রলীগ ও বিএল কলেজ শাখা ছাত্রলীগের ৬ নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো।
 
এরা হলেন- মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি বিএল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক উজ্জ্বল দাশ, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, দিপংকর, দিদার, তরিকুল ও ইমরান।
 
এছাড়া ঘটনা তদন্তের জন্য সোহেল বিশ্বাস, তাজুল ইসলাম তাজু ও লাবু মোড়লের সমন্বয়ে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। 
 
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রের টার্ম পেপার নিয়ে শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডার পর ক্ষুব্ধ ছাত্ররা বেলা পৌঁনে ১২টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে হামলা চালায়।