স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, আটক ১

 
টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করলে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে উপজেলার চরনিকলা গ্রামে এই ঘটনা ঘটে। এসময় অপহরণ করতে আসা আরো চারজন পালিয়ে যায়।
 
আটককৃত লিমন সরকার উপজেলার পূর্নবাসন গ্রামের হালিম সরকারের ছেলে।
 
জানা যায়, রাতে আনন্দ হাওলাদারের বাড়িতে পাঁচজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা আনন্দের অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণের চেষ্টা করে। পরে এলাকাবাসী খবর পেয়ে অপহরণকারীদের ধাওয়া করে লিমনকে ধরতে পারলেও বাকি চারজন পালিয়ে যায়। এলাকাবাসী লিমনকে গণধোলাই দিয়ে রাতেই পুলিশে সোর্পদ করে। এসময় পুলিশ অপহরণকারীসহ ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সিএনজি চালিত অটোরিকশা আটক করে থানায় নিয়ে আসে।
 
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল কবির জানান, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।