নাস্তিক-মুরতাদদের ঠাঁই বাংলাদেশে হবে না: চরমোনাই পীর


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, নাস্তিক-মুরতাদদের ঠাঁই বাংলাদেশে হবে না। ৯২ ভাগ মুসলমানের দেশে আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে কথা বললে তার বিচার হবে না তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সময় এসেছে নাস্তি, মুরতাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে ময়দানে লড়াই করার।

শুক্রবার বিকালে নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে খুলনা মহানগর ও জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

চরমোনাই পীর সাহেব বলেন, নাস্তিক লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া নব্য নাস্তিক আব্দুল গাফফার চৌধুরীকে  বাংলাদেশে এনে গ্রেফতার করে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তিনি আল্লাহ ও রাসূল (সা.) সম্পর্কে কটূক্তিকারীদের শাস্তির আইন সংসদে পাশ করার আহ্বান জানান।  সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক।

জনসভায় চরমোনাই পীর সাহেব মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দেশে চুরি, ডাকাতি, গুম, খুন, ইভটিজিং সহ আইনশৃঙ্খলার চরম অবনতির জন্য সরকারকে দায়ী করেন।


জনসভায় বিশেষ অতিথি ছিলেন দলটির নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ও মহাসচীব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এছাড়া বক্তৃতা করেন জেলা সভাপতি প্রভাষক আব্দুল্লাহ ইমরান, মাওলানা আবু সাইদ, মাওলানা মুজাফ্ফার হুসাইন, মো. আমজাদ হোসেন, মুফতি মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারী মোঃ আক্তারুজ্জামান উজ্জ্বল, মুফতি আমানুল্লাহ, হাফেজ আব্দুল লতিফ প্রমুখ। জনসভা পরিচালনা করেন খুলনা মহানগরীর সেক্রেটারি শেখ মো. নাসির উদ্দিন এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা  ইমরান হুসাইন।