গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত আবুল হোসেন সরকার (৭০) শুক্রবার সকালে রংপুর প্রাইম (প্রাঃ) মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
গত ১২ জুলাই উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদড়িয়া গ্রামে হামলায় গুরুতর আহত হয়ে তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
 
এ ঘটনায় শুক্রবার নিহতের বড় ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
 
ঘটনার অবতারণা
জমির সীমানা নিয়ে একই গ্রামের সামছুল হুদা মন্ডলের সঙ্গে আবুল হোসেন সরকারের বিরোধ চলে আসছিল। গত ১২ জুলাই দুপুরে বিরোধপূর্ণ ওই সীমানার একটি গাছ কাটতে যান সামছুল হুদা মন্ডলের ছেলে রতন, রিপন, মনু ও আমিরুল এবং তাদের লোকজন। এতে আবুল হোসেন বাধা দিলে তাকে মারপিট করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।