ইয়াকুবকে হত্যা করায় ভুগবে ভারত: ছোট শাকিল

 
ভারতের মোস্ট ওয়ান্টেডদের তালিকার এক নম্বরে থাকা দাউদ ইব্রাহিমের ডানহাত বলে পরিচিত ছোটা শাকিল এবার হুমকি দিল ভারতকে। ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলার প্রথম আসামী হিসেবে ইয়াকুব মেমনকে ফাঁসি দেয়ার পর এই হুমকি দেয়া হল। ছোট শাকিলের হুমকি, 'ইয়াকুব মেমনকে হত্যার ফল ভুগতে হবে ভারতকে।'
 
বৃহস্পতিবার নাগপুরে ইয়াকুবের দণ্ড কার্যকর করার পর থেকেই মুম্বাইয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতের একটি ইংরেজি দৈনিকে প্রকাশ, ইয়াকুবের মৃত্যুদণ্ডকে 'পরিকল্পিত হত্যা' বলে আখ্যা দিয়েছে শাকিল। তিনি জানান, মুম্বাই হামলার আসামীদের কেউই এই মুহূর্তে ভারতে ফেরার কথা ভাবছেন না। দাউদ যদি সরকারের কথা মতো ভারতে ফিরতেন তাহলে তার অবস্থাও ইয়াকুবের মতো হত বলে মনে করেন ছোট শাকিল।
 
ক্ষুব্ধ এই আন্ডারওয়ার্ল্ড ডন জানিয়েছে, টাইগার মেমনের কৃতকর্মের জন্য নিরীহ ইয়াকুবকে সাজা দেওয়া হয়েছে। ছোট শাকিলের সরাসরি হুমকি, এই ঘটনার ফল ভারতকে ভুগতেই হবে।

প্রসঙ্গত, টাইগার মেমনের পাশাপাশি ১৯৯৩ সালের মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী হিসাবে নাম রয়েছে দাউদ সহ ছোটা শাকিলেরও। হামলায় মুম্বাইজুড়ে ২৫৭ জন নিহত হয়েছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া