আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ২০২০ সালের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিলীন হয়ে যাবে। শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি রাজনৈতিক দৈন্যদশায় পড়েছে। দলটির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তাদের রাজনৈতিক লক্ষ্য জাতির সামনে স্পষ্ট করতে পারেনি। আর এ অবস্থা চলতে থাকলে আগামী ২০২০ সালের মধ্যে দলটি বিলীন হয়ে যাবে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ রায়ের প্রেক্ষাপটে বিএনপি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তাতে পুরো জাতি হতাশ। বিএনপি বলছে, এই রায়ে সরকার রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে। ১৯৭১ সালে বিএনপি ছিল না। ১৯৭১ সালে বিএনপির হয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধ করেনি যে, সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে এ রায় দিয়েছে।
আলোচনা সভায় প্রধান বক্তা ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম বলেন, আগাম নির্বাচনের স্বপ্ন দেখে বিএনপি যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তাতে কোনো লাভ হবে না। নির্বাচনের জন্য বিএনপিকে আগামী ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য হারুন-অর রশিদ চৌধুরী, হুমায়ুন কবীর মিজি প্রমুখ