ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। জানিয়েছেন দলটির দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে। কোহলি, ধোনিদের মতো তারকা খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ পেতে চান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট ল, যিনি বর্তমানে দেশটির ‘এ’ দলের সহযোগি কোচের দায়িত্বে রয়েছেন। ল বলেন, ‘আমি বিশ্বের বড় মাপের কিছু খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
নিজের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি উপমহাদেশে কিছু সময় কাটিয়েছি এবং এখানকার পরিবেশ আমার জানা আছে। এমন অবস্থায় কেউ যদি আমি আমার দরজায় এসে সাড়া দেয়, তাহলে আমি খুবই খুশি হবো। তাদের সঙ্গে বসবো এবং প্রস্তাবটি শুনবো।’
৪৬ বছর বয়সী কোচ ল ২০১১ সালের বিশ্বকাপের পর শ্রীলংকা দলে কিছুদিন দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাংলাদেশ দলের দায়িত্ব নেন। তার তত্ত্বাবধানেই ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল খেলে বাংলাদেশ।
ল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠেয় ভারতের তিন ম্যাচের সিরিজ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন। আসন্ন ওই সিরিজে ভারতকেই এগিয়ে রাখছেন এই অস্ট্রেলিয়ান। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা পুনর্গঠন ধাপের মধ্য দিয়ে যাচ্ছে। দলটিতে কিছু নতুন তারকা নিজেদের প্রমাণের চেষ্টা করছে। নিজেদের মাঠে তাদের হারানোটা সবসময়ই কঠিন। পক্ষান্তরে সম্প্রতি ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ভারত ভালো খেলতে পারেনি। ফলে তারাও নিজেদের প্রমাণের একটি সুযোগ পাচ্ছে। আমি মনে করি ভারত এই সিরিজটি জয়ের ভালো সুযোগ পাবে।’