রং নাম্বারে পরিচয়ের পর প্রেমের টানে নেত্রকোনার এক যুবতী হবিগঞ্জ শহরে এসে শ্লীলতাহানির শিকার হয়েছেন। খবর পেয়ে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা সদরের আজগড়া গ্রামের নাসরিন আক্তারর (১৮) সঙ্গে বেশকিছু দিন আগে হবিগঞ্জ শহরের আশরাফুল ইসলাম নামে এক যুবকের মোবাইল ফোনে রং নাম্বারে পরিচয় ঘটে। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার রাতে নাসরিন নেত্রকোনা থেকে হবিগঞ্জ শহরের থানা মোড় এলাকায় এসে আশরাফুলের সঙ্গে দেখা করেন। পরে আশরাফুল তার বন্ধুদের সঙ্গে নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নাসরিনকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে আশরাফুল ও তার বন্ধুরা পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই পুলিশ নাসরিনের বাড়িতে যোগাযোগ করলে শুক্রবার দুপুরে পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, নাসরিন থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।