কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদী থেকে জামশেদ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দেবিদ্বার থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
জামশেদ জেলার আদর্শ সদর উপজেলার দইয়ারা গ্রামের মৃত আবুল ফজলের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় গোমতী নদীর পানিতে শুক্রবার সকালে একটি লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা দেবিদ্বার থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ তার সঙ্গে থাকা একটি ঘড়ি ও মোবাইল সেট উদ্ধার করে। ওই মোবাইল থেকে পাওয়া ফোন নম্বরের সূত্র ধরে নিহতের বোন সামসুন্নাহার, বড় ভাই ঢাকা সেনানিবাসে কর্মরত এমইএস আমজাদ হোসেন নিহতের পরিচয় নিশ্চিত করেন এবং লাশটি জামশেদের বলে সনাক্ত করেন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের বোন সামসুন্নাহার জানান, ৬ ভাই ও ৩ বোনের মধ্যে জামশেদ ৫ম ছিল। বুধবার দুপুরে খাওয়ার পর বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, লাশের সাথে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় পেয়ে ময়নাতদন্ত শেষে বিকালে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।