রাজশাহীর পুঠিয়ার জল টলমল দীঘিঘেরা নান্দনিক সৌন্দর্যের পুরার্কীতি দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। এ নিয়ে তিনি মন্তব্য করেছেন, ‘খুবই সুন্দর। খুব ভালো লেগেছে।’
শুক্রবার সকালে এ পুরার্কীতি পরিদর্শন করেন মার্কিন এ রাষ্ট্রদূত। এর আগে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে পুঠিয়ায় পৌঁছান তিনি।
ট্রেনে চড়ে ঢাকা থেকে রাজশাহীতে আসেন বার্নিকাট। এ সময় পুঠিয়া সার্কেলের এএসপি আসলাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমেদ, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান তাকে স্বাগত জানান।
পরে রাষ্ট্রদূত বড় শিবমন্দির, চারআনী রাজার মন্দিরসহ অন্যান্য পুরার্কীতি পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন তিনি।
পুঠিয়া থেকে ফিরে বার্নিকাট রাজশাহীর বেসরকারি উন্নয়ন সংগঠন এসোসিয়েশন কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) কার্যালয় ও শেল্টার হোম পরিদর্শন করেন এবং শিশুদের সঙ্গে কথা বলেন।
এর আগে গত বুধবার মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীর শাহমখদুম থানায় নির্মিত ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করেন। এরপর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে মানবপাচার বিষয়ে কথা বলেন তিনি।