সন্তানের বাবা হচ্ছেন জাকারবার্গ

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ভক্তদের জন্য সুখবরই বটে। কেননা আর কয়েক মাস পরেই সন্তানের মুখ দেখবেন জাকারবার্গ ও ড. প্রিসিলা চ্যান দম্পতি।  এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
 

নিজের ফেসবুক স্ট্যাটাসে জাকারবার্গ জানান, এটি হবে আমাদের জীবনের এক নতুন অধ্যায়। আমরা খুবই ভাগ্যবান যে বিশ্বব্যাপী মানুষের জীবন ছুঁয়ে যাওয়ার মত সুযোগ আমরা পেয়েছি- প্রিসিলা একজন চিকিৎসক এবং শিক্ষক হিসেবে আর আমি ফেসবুক কমিউনিটির মাধ্যমে। আর এখন আমাদের লক্ষ্য হল বিশ্বকে আমাদের সন্তান এবং পরবর্তী প্রজন্মের জন্য আরও উন্নত করে গড়ে তোলা।

তবে তিনি জানান, পরপর তিনবার গর্ভধারণে ব্যর্থ হয়েছিলেন তার স্ত্রী। বিষয়টি নিয়ে জাকারবার্গ বলেন, আপনি নিজেকে খুবই আশাবাদী মনে করবেন যখন জানতে পারবেন আপনি বাবা হচ্ছেন। আর তখন থেকেই আপনি ভাবতে শুরু করবেন তারা কী হবে এবং স্বপ্ন দেখবেন তাদের ভবিষ্যৎ নিয়ে। আপনি পরিকল্পনা করতে শুরু করলেন আর হঠাৎ করেই সব শেষ। এই অভিজ্ঞতা খুবই কষ্টের।

প্রিসিলা এবং তাদের ভবিষ্যৎ সন্তান, দুজনই সুস্থ আছে বলে জানিয়েছেন জাকারবার্গ। আল্ট্রাসাউন্ডে তার কন্যা তাকে লাইকের মত করে থাম্বস আপ দিয়েছে বলেও জানান জাকারবার্গ। আর ব্যাপারটি নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত।