গোদাগাড়ীতে জীবিত রোগীকে মৃত ঘোষণা পরে আবার হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

জেলায় গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে জীবিত এক রোগীকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিত্সক। শুধু তাই নয়, পারুল বেগম (৪০) নামের ওই রোগীকে মৃত ভেবে চিকিত্সা না দিয়েই বাসায় ফেরত পাঠানো হয়। বাসায় নেয়ার পর পারুল বেগম ফের নড়েচড়ে উঠলে তাকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে যান। তবে এবার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পারুল বেগম গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর গ্রামের আবদুল বারীর স্ত্রী। শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা তাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. শর্মিলা শর্মা তাকে মৃত ঘোষণা করেন। পরে পারুল বেগমের স্বজনরা তাকে বাসায় ফেরত নিয়ে যান। চারদিকে তখন কান্নার রোল। এমন সময় হঠাত্ পারুল বেগম নড়েচড়ে ওঠেন।
 

শুধু তাই নয়, ওই সময় তিনি তার স্বামীর হাত ধরে ক্ষমাও চান। তখন দমকল বাহিনীর একটি গাড়িতে করে তার স্বজনরা তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের দিকে নিয়ে যান। পথে রাজশাহীর কাশিয়াডাঙা এলাকায় পারুল বেগমের মৃত্যু হয়। রাজশাহীর সিভিল সার্জন ডা. আবদুস সোবহান বলেন, রোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।