জয়পুরহাটের একটি আবাসিক হোটেল থেকে নেপালে পাচারের সময় ৯ জনকে উদ্ধার করার ১৩ ঘণ্টা পর আরও ১১ জনকে উদ্ধার করেছে জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে মোট ২০ জনকে উদ্ধার করা হলো।
ডিবি পুলিশ সূত্র জানায়, শনিবার বেলা ১১টায় শহরের আবাসিক হোটেল ‘পৃথিবীতে’ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১১ জনের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার চালিতা কান্দি গ্রামের সৌরভ, আনামপুর গ্রামের আল আমীন, পলাশ, নাজমুল, মেরাজুল, খোকন মিয়া, নুরুল ইসলাম, জাকির হাসেন, কাজল, কবির।
তবে এবার পাচারকারী চক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি ডিবি। এর আগে শুক্রবার রাত ১০টায় জেলা শহরের সৌরভ আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি । সেখান থেকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মোছাদ্দেক হোসেন (২৮), জাকারিয়া (২৭), ফারুক হোসেন(২৭) ও জাহিদুল ইসলাম (২৮) এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মানিক মিয়া (২০), রমজান মিয়া (১৯), হানিফা (৩৪), আল আমিন (২৩) ও জাকির হোসেনকে (২২) উদ্ধার করা হয়। ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে কাজের লোক দরকার- এই কথা বলে তাদের সেখানে পাঠানো হচ্ছে বলে উদ্ধারকৃতরা জানান।
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। উদ্ধারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ জয়পুরহাট সদরের পাঁচুরচক এলাকার লাভলু আকন্দ নামে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করে। জয়পুরহাট সংলগ্ন হিলি সীমান্ত দিয়ে ভারত হয়ে নেপালে পাচার করার উদ্দেশে তাদের জয়পুরহাটের ওই আবাসিক হোটেলে গোপনে রাখা হয় বলে জানায় ডিবি। মানবপাচারকারীদের হাত থেকে গত ১৩ ঘণ্টায় মোট ২০ জনকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাহফুজার রহমান।