ইসরাইলী সৈন্যদের গুলিতে ফিলিস্তিনী কিশোর নিহত

ইসরাইলী সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে আহত এক ফিলিস্তিনী কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে এ ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনের চিকিৎসা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আতারা চেকপয়েন্টের কাছে ইসরাইলী সৈন্যদের সঙ্গে সংঘর্ষের সময় জালাজোন শরণার্থী শিবিরের ১৪ বছর বয়সী লেইথ খালদি নামের এক কিশোরের বুকে গুলি লাগে। এর কয়েক ঘন্টা পর হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়।

ইসরাইলী সেনাবাহিনীর এক নারী মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে জানান, সন্দেহভাজন এক ফিলিস্তিনী বীর জেইত এলাকায় একটি সেনা চৌকিতে মলোটভ ককটেল নিক্ষেপ করে। জবাবে সৈন্যরা হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এদিকে সন্দেহভাজন ইসরাইলী বসতি স্থাপনকারীদের দেয়া আগুনে এক ফিলিস্তিনী শিশুর মৃত্যুর পর শুক্রবার পশ্চিম তীরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এছাড়া এদিন ইসরাইলী সেনাদের গুলিতে এক ফিলিস্তিনী নিহত ও অপর একজন আহত হয়। ইসরাইল থেকে গাজা উপত্যাকাকে পৃথককারী নিরাপত্তা বেষ্টনীর দিকে যাওয়ার সময় তারা গুলিবিদ্ধ হন। -বাসস