সারা দেশের মতো টেকনাফ-কক্সবাজার হাইওয়ে সড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, শনিবার থেকে সেসব যানবাহন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আজ শনিবার থেকে টেকনাফ বাস স্টেশন পোয়ারা থেকে হাইওয়ে সড়কে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নসিমন, করিমন, ভটভটি, সিএনজি (অটোরিকশা), টমটম, ব্যাটারি চালিত রিক্সা, মাহিন্দ্রাসহ যানবাহন চলাচল না করার জন্য মালিক ও শ্রমিকদেরকে নির্দেশ দেয়া হয়েছে। এর পরও যারা নির্দেশ অমান্য করবে তাদের আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ঈদুল ফিতরের ঈদের সময় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির হওয়ার পর এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেয়। সারা দেশের মহাসড়ক ও হাইওয়ে সড়কে এই সব যানবাহনকে নিষিদ্ধ করা হয়েছে।
গত ২২ জুলাই সচিবালয়ে ঈদ যাত্রায় সড়কের পরিস্থিতি নিয়ে ও মনিটরিং টিমের সভা শেষে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, জাতীয় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলতে পারবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।