৫ বছর পর সব ভোট: প্রস্তাব বিজেপি সরকারের

 
 
একটি নির্দিষ্ট সময়ে সব ভোট একসঙ্গে করতে উদ্যোগী হয়েছে নরেন্দ্র মোদি সরকার। খবর আনন্দ বাজার পত্রিকার।
 
তাদের প্রস্তাব, পাঁচ বছর পরে গোটা দেশে পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন হবে একই সময়ে। সে জন্য যদি ২-৩ মাস সময় লাগে তো লাগুক। কিন্তু অন্তত প্রত্যেক বছর কোনো না কোনো ভোটের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। অন্তত পাঁচ বছর একটানা উন্নয়নের কাজ করা যাবে। ভোট বলে আর পদে পদে হোঁচট খেতে হবে না।
 
বিজেপির শীর্ষ সূত্রের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়টি কার্যকর করতে খুবই আগ্রহী। সংবিধান বিশেষজ্ঞদের মতামতও নিয়েছেন তিনি। কথা বলেছেন দলের সভাপতি অমিত শাহের সঙ্গেও। তার ভিত্তিতে বিজেপির একটি শীর্ষ স্তরের প্রতিনিধি দল এরই মধ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও সেরে ফেলেছেন। কিন্তু বিজেপি নেতৃত্ব জানেন—শুধু তাঁরা ও কেন্দ্রীয় সরকার উদ্যোগী হলেই এই বিষয়টি রূপায়ণ করা যাবে না। সে জন্য সব রাজনৈতিক দলের সম্মতি নিতে হবে। তাই নির্বাচন কমিশনের কাছেই আর্জি জানানো হয়েছে, তারা যেন শিগগিরই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়।
 
তবে বিজেপির এক শীর্ষ নেতা বলেন, ‘আশা করি— বিষয়টি নিয়ে বাকি দলগুলির কোনো আপত্তি হবে না। কারণ, সকলেই প্রত্যেক বছরের ভোটে ভুক্তভোগী।’
 
 
কংগ্রেস মুখপাত্র শাকিল আহমেদের মতে, ‘বিষয়টি নিয়ে বহু স্তরে আলোচনা হয়েছে। এই প্রস্তাবের অনেক ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। বিষয়টি কার্যকর করতে গেলে রাজনৈতিক ঐকমত্য তৈরি করা প্রয়োজন।’