নওগাঁয় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

জেলা শহরের বরেন্দ্র অফিসের ভিতরে অবস্থিত পুকুরে ডুবে ফারজিন আফজাল খান (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ফারজিন শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার আব্দুল্লাহ খানের ছেলে। সে রাজধানীর মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দুইটার দিকে ফারজিন দুই বন্ধুর সঙ্গে বরেন্দ্র অফিসের ওই পুকুরে গোসল করতে যায়। সাঁতার কেটে সে পুকুরের ওপারে গেলেও ফেরার পথে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফারজিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ফারজিনের বাবা আব্দুল্লাহ খান জানান, সে ঈদের ছুটি কাটাতে বাড়িতে এসেছিল। সোমবার তার ঢাকায় ফেরার কথা ছিল।
 
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।