বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘২০১৯ সালের আগে বাংলাদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না। এ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। কোর রূপ রেখা বা অন্য কোন আঙ্গিকে নির্বাচন অনুষ্ঠিত হবে না। সাংবিধানিকভাবেই নির্বাচন ক্ষমতাসীন দলের অধীনেই অনুষ্ঠিত হবে।’
শনিবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আব্যাহত আছে। আজ হোক আর কাল হোক তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করবো।’
এ সময় দলটির দলটির সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মিসবাহ উদ্দিন সিরাজ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।