‘‘আত্মতৃপ্তি নিয়ে বসে থাকার কোনো উপায় নেই। এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। আমরা শুধু মধ্যম আয়ের দেশ নয়, উন্নত বা ধনী রাষ্ট্রে পরিণত হতে চাই।’’
শনিবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি আয়োজিত ‘দ্বিতীয় লাইভস্টক অ্যাওয়ার্ড প্রেজেন্টেশন অ্যান্ড অ্যানুয়াল কনফারেন্স ও লাইভস্টক পোল্ট্রিমেলা-২০১৫’ উদ্বোধণী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে খাদ্যসহ সামগ্রিক দিক দিয়ে আরো স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে প্রয়োজন আত্মসচেতনতা। তাছাড়াও সমাজের সামগ্রিক উন্নয়নে পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখা জরুরি। তা না হলে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
অনুষ্ঠানে ‘পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন’র উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এএম মাহফুজুল বারি।
বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি প্রফেসর মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্সের আহ্বায়ক প্রফেসর ড. খালেকুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ অজয় কুমার রায়, এসিআই লি. এগ্রি. বিজনেসের নির্বাহী পরিচালক ড. এফএইচ আনসারী ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসানের অধ্যাপক ড. সৈয়দ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।