‘শুক্রবার দিনগত রাত ১২টার পর বাংলাদেশ-ভারতের মধ্যে ছিটমহল বিলুপ্ত হয়ে দুই দেশের পতাকা উড্ডীন হয়েছে। ৫২ হাজার মানুষের ৬৮ বছরের কান্নাভেজা মুক্তির আনন্দে আমরাও আনন্দিত।’ বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের নতুন এসব নাগরিকরা আমাদের মূল ধারায় মিশে যাবেন, এটি ঐতিহাসিক ঘটনা। ১৯৭৪ সালে এ সব ছিটমহল নিষ্পত্তিতে বাংলাদেশ ভারতের সঙ্গে যে চুক্তি করেছিল, ভারত বহু বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তা অনুমোদন করায় আমরা তাকে, তার সরকারকে এবং ভারতের অন্যান্য নেতৃবৃন্দকে আগেই অভিনন্দিত করেছিলাম।’
রিপন বলেন, ‘বাংলাদেশের নতুন ৫২ হাজার নাগরিকবৃন্দ যাতে সংবিধান অনুযায়ী সমতার দৃষ্টিতে সকল সুযোগ সুবিধা পায়, তা নিশ্চিত করতে সরকারের প্রতি আমরা আহ্বান জানাই। বাংলাদেশের ভূখণ্ডে মিশে যাওয়া বিলুপ্ত ছিটমহলগুলোর ওই সব অঞ্চলের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সকল উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাই।’