কুমিল্লায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ই-লার্নিং মেলা

আরিফুর রহমান

 

তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি কুমিল্লা গভঃ ল্যাবরেটরি হাইস্কুলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ই-লার্নিং মেলা। সকাল ১০টা থেকে শুরু দিনব্যাপী এই মেলায় ই-লার্নিংয়ের মাধ্যমে  পাঠদান জনপ্রিয় করতে উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া।

তিনভাগে বিভক্ত মেলার একটি অংশে স্কুলের মাঠে বড় মনিটরে ই-লার্নিং কনটেন্ট, বাউল গান, সচেতনতামূলক বিজ্ঞাপন দেখানো হয়। এ ছাড়া মাঠে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ এবং প্রমোশনাল ম্যাটেরিয়াল বিতরণের জন্য দুটি বুথ করা হয়। মেলার আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল সেমিনার আয়োজন এবং সবশেষে ই-লার্নিং বিষয়ক কনটেন্ট প্রদর্শন।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘ই-লার্নিং মডিউল ব্যবহারের মাধ্যমে শ্রেণিকক্ষের শিক্ষণ-শিখন কার্যক্রম সহজ, আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক হবে। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত হবে যা তাকে আলোকিত আগামী নির্মাণ ও জ্ঞানার্জনের ক্ষেত্রে এক বিশাল দিগন্তের উন্মোচন করবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে ই-লার্নিং পদ্ধতি পরিচালিত হয়, যার ফলে ডিজিটাল কনটেন্ট ব্যবহারের মাধ্যমে ক্লাসরুমের শিক্ষাগ্রহণ কার্যক্রম আরও অংশগ্রহণমূলক ও স্বতঃস্ফূর্তভাবে সম্পাদিত হয়। তথ্যপ্রযুক্তির বিপ্লবের এ সময় প্রযুক্তিকে হাতিয়ার করে এগিয়ে যাবার ক্ষেত্রে ই-লার্নিং এর বিকল্প নেই।’

প্রসঙ্গত, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেসিপ কর্মসূচির আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার মান উন্নয়নে ৬৪০টি বিদ্যালয়ে আইসিটি লার্নিং সেন্টার স্থাপন ও ই-লার্নিং সেন্টার স্থাপন করা হয়েছে। এসব সেন্টারের জন্য যুগোপযোগী মডিউল তৈরি করেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইএটিএল (এথিক্স এডভান্সড টেকনোলজি লি.)। এ ছাড়া ই-লার্নিং নিয়ে সচেতনতা তৈরির জন্য দেশের ৯টি অঞ্চলে ই-লার্নিং মেলার আয়োজন, প্রযুক্তির নব নব উদ্ভাবন ও কার্যকর ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের পারদর্শী করে তোলা ও ই-লার্নিং ব্যবহারকে জনপ্রিয় করে তোলা এ প্রকল্পের প্রধান উদ্দেশ্য।