বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মুভিয়ানা ফিল্ম-এর যৌথ আয়োজনে আজ জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ বিকেল ৩টা ৩০ মিনিটে প্রদর্শীত হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চেইন ক্যাফে’। শিবব্রত বারমানের রচনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাবিব। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘ভালো একটি কাজ হয়েছে। আমাদের দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মান এখন অনেক উন্নত হচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।’ আরও নতুন দু’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
চলতি সময়ে জ্যোতির ব্যস্ততা চলছে নতুন একটি ধারাবাহিক ও বেশ কয়েকটি একক নাটক নিয়ে। এছাড়া নতুন একটি চলচ্চিত্রে শিগগিরই চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। তবে এবারও জ্যোতিকে বিকল্পধারার ছবিতেই দেখা যাবে। যদিও মূলধারার ওপর নিজের আগ্রহের কথাটা বরাবরই তিনি বলে আসছেন। জ্যোতি বলেন, ‘আমি মূলধারার ছবি করতে চাই প্রথম থেকেই। এমনকি ছবির অনেক প্রস্তাবও পাচ্ছি। কিন্তু প্রথম মূলধারার ছবি হিসেবে যেমন গল্প আমি চাই তেমনটা পাচ্ছি না। তবে এখন আমাদের চলচ্চিত্রের অবস্থা অনেক ভালো। হয়তো সেই সুযোগটা শিগগিরই চলে আসবে।’
এবার ঈদে প্রায় হাফ ডজনের মতো নাটক ও টেলিফিল্ম প্রচার হয়েছে জ্যোতির। প্রতিবারের মতো এবারও ঈদের নাটক ও অনুষ্ঠান নিয়ে ছিল সমালোচনা। বিজ্ঞাপনের বিরক্তি ও নাটকের মান নিয়েও ছিল অনেক প্রশ্ন।
এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘ঈদের নাটক বা অনুষ্ঠান নিয়ে বরাবরই দর্শকদের আলাদা একটা আকর্ষণ থাকে। কিন্তু চ্যানেলগুলোর বিজ্ঞাপনের জন্য দর্শকদের বিরক্তির অভিযোগ প্রতিবারই শুনতে হয়। এই বিষয়ে চ্যানেলগুলোর সচেতনতা সবার আগে প্রয়োজন। আর মানের প্রসঙ্গে বলবো, এখন প্রতিযোগিতা বেড়েছে। প্রচুর নাটক নির্মাণ হচ্ছে। এরমধ্যেও ভালো নাটকগুলো দর্শক অবশ্যই গ্রহণ করছে।’