দক্ষ খেলোয়াড় তৈরি এবং যুব সমাজের শারীরিক ও মানসিক উন্নয়নে সারাদেশের উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ৪৮৯টি উপজেলায় ৪৯০টি খেলার মাঠকে স্টেডিয়ামে রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ১৮ লাখ টাকা। আগামী বছরের জুনের মধ্যে এ উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব স্টেডিয়ামগুলো পরিকল্পিত ও অত্যাধুনিক করার জন্য ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে বলেছেন, উপজেলা ও জেলাভিত্তিক প্রতিযোগিতা যতো হবে, সুপ্ত মেধাগুলো ততো বিকশিত হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে দেশের প্রত্যেক জেলায় স্টেডিয়াম রয়েছে। জেলা পর্যায়ে এ সব স্টেডিয়ামে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠানের পাশাপাশি খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। দেশের জনসাধারণের বড় একটি অংশ গ্রামে বসবাস করে। উপজেলা পর্যায়ে ভাল খেলার মাঠ না থাকায় গ্রামের ছেলে-মেয়েরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না। ফলে যুবসমাজের একটি বড় অংশ বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। তাই দক্ষতাসম্পন্ন খেলোয়াড় তৈরি ও যুবসমাজের শারীরিক এবং মানসিক উন্নয়নের লক্ষ্যে তাদের বিভিন্ন খেলাধুলায় সম্পৃক্ত রাখার জন্য সরকার খেলাধুলার পরিবেশ সৃষ্টিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেক উপজেলায় বিদ্যমান খেলার মাঠে অবকাঠামো নির্মাণের জন্য একটি প্রকল্প হাতে নেয়ার নির্দেশ দেন। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রত্যেক উপজেলা পর্যায়ে কমপক্ষে একটি করে খেলার মাঠ উন্নয়নের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।