বিমান দুর্ঘটনায় লাদেন পরিবারের ৪ সদস্য নিহত

ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে চার আরোহীর সকলেই নিহত হয়েছেন। নিহতরা প্রয়াত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন পরিবারের সদস্য বলে ব্রিটিশ ও সৌদি গণমাধ্যমগুলো জানিয়েছে।

 
ব্রিটেনের হ্যাম্পশায়ার পুলিশ সার্ভিসের এক মুখপাত্র জানান, শুক্রবার ব্ল্যাকবুশে বিমানবন্দরে অবতরণের সময় সৌদি আরবে নিবন্ধিত অ্যাম্ব্রেয়ার ফিনোম ৩০০ ব্যক্তিগত জেট বিমানটি বিধ্বস্ত হয়। এসময় চালকসহ বিমানটিতে চারজন যাত্রী ছিলেন। কিন্তু ওই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। তবে তিনি নিহতদের পরিচয় জানাননি।
 
ধারণা করা হয়, বিমানটি সাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন পরিবারের মালিকানাধীন একটি কোম্পানির এবং নিহতরা সবাই ওই পরিবারের সদস্য। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে হ্যাম্পশায়ার পুলিশ সার্ভিসের ওই মুখপাত্র জানিয়েছেন।
 

এদিকে নিহতদের পরিচয় নিশ্চিত না করেই ব্রিটেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মাদ বিন নাওয়াফ আল সৌদ দূতাবাসের অফিসিয়াল টুইটার এ্যাকাউন্ট থেকে এ ঘটনায় লাদেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ডেইলি মেইলসহ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যমেও বিমান দুর্ঘটনায় নিহতরা লাদেন পরিবারের সদস্য বলে জানানো হয়।