মেহেরপুরে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 'আন্তঃজেলা ডাকাত সর্দ্দার' মিয়ারুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার রাজনগর ব্রিজের কাছে এই 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে।
 
নিহত মিয়ারুল ইসলাম সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
 
মিয়ারুলকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার করতে গেলে ‌'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন।
 
মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবীব জানান, শনিবার সন্ধ্যায় নুরপুর গ্রাম থেকে মিয়ারুলকে গ্রেফতার করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে তার বাহিনীর কর্মকাণ্ড ও অস্ত্রের সন্ধান দেন তিনি। তার দেয়া তথ্যমতে রাতে তাকে নিয়ে রাজনগর ব্রিজের কাছে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা তার বাহিনীর সদস্যরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা কয়েক রাউন্ড গুলি চালালে তারা পালিয়ে যান। এ সময় পালাতে গিয়ে মিয়ারুল গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো জানান, 'বন্দুকযুদ্ধে' সদর থানার এস আই আহসান উল্লাহ, এ এস আই আব্দুল হক ও অর্জুন কুমার এবং কনস্টেবল আব্দুর রাজ্জাক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মিয়ারুলের সঙ্গীদের ফেলে যাওয়া ৪টি বোমা, একটি এলজি শটগান, ৩ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
 
মিয়ারুলের নামে মেহেরপুর জেলার তিনটি থানায় হত্যা, ডাকাতি ও বোমা বিস্ফোরণের ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।