বেপরোয়া’র মুক্তি এ মাসেই

বেপরোয়া’র মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হয়েছিল জিয়াউল রোশন-এর। গতবছর সেটা নামমাত্র মুক্তি পেয়েছিল। তিনি জানান, এ মাসেই আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে পারে চলচ্চিত্রটি। এছাড়াও নানা প্রসঙ্গ নিয়ে তিনি বিনোদন প্রতিদিনের মুখোমুখি হয়েছেন—

কেমন আছেন?

ভালো আছি।

 

জয়া আহসানের পরবর্তী প্রযোজনা ‘ফুড়ুত্’-এ কাজ করছেন শুনলাম...

কথাটা কিভাবে ছড়ালো আমি ঠিক জানি না। আমি শুধু ইচ্ছে পোষণ করেছিলাম একটা ইন্টারভিউতে, জয়া আপুর সঙ্গে কাজ করবো। কিন্তু কাজ করছি এমনটা বলিনি। কথা হয়েছে, কিন্তু কোন ছবিতে কাজ করবো তা শিওর না।

 

এখন কী নিয়ে ব্যস্ত আছেন?

বেশ কয়েকটি চলচ্চিত্রের ব্যাপারে কথা হচ্ছে। এছাড়া কয়েকদিনের মধ্যে ‘সুন্দরীতমা’ ছবিটির সিডিউল দিতে পারি। আসলে আরেকটা ছবি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বিলম্ব হচ্ছে। ওটার জন্য নতুন সিডিউল করতে পারছি না। দেখা যাক...। এছাড়া রায়হান রাফি ভাইয়ের একটা সিনেমায় অভিনয় করারও কথা রয়েছে। এটা আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। আরেকটা কথা, এ মাসের শেষেই বড় একটি ছবির ঘোষণা আসবে। তবে এখন সেটা নিয়ে কথা বলতে চাই না।

 

‘বেপরোয়া’ নতুন করে মুক্তি পাওয়ার কথা ছিল...

এর আগে ‘সৌজন্যমূলকভাবে’ মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু ওটাকে আমি মুক্তি মনে করি না। এটা আমার প্রথম সিনেমা, কিন্তু আমার মনে হচ্ছে আমার অভিষেক হয়নি! আশার কথা হচ্ছে বেপরোয়া মুক্তি এ মাসেই হবে। খুব সম্ভবত ২০ মার্চের পর বেপরোয়া মুক্তি পাবে।

 

চলচ্চিত্র মুক্তির আগে প্রচারণার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বেপরোয়ার টিমের তো কোনো প্রস্তুতি দেখছি না...

এটা নিয়ে আজিজ ভাই ভালো জানেন। হয়তো আগামী সপ্তাহের মধ্যেই সিদ্ধান্তটা নেবেন। এপ্রিলেও মুক্তি পেতে পারে। এটা আমার প্রথম সিনেমা, আমার অভিষেকটা ভালোভাবে হয়নি। আমি চাই ভালোভাবে যেন সিনেমাটা মুক্তি পায়। তাহলে বলতে পারবো, বেপরোয়া আমার অভিষেক সিনেমা। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই প্রচারণায় নামবো।

 

কলকাতার ছবিতেও কাজ করেছেন আপনি। ওপার বাংলায় নতুন কোনো কাজ করার পরিকল্পনা আছে কি-না?

মোটামুটি ইন্ডিয়াতে আমার একটা ভালো পরিচিত আছে। স্পেশালি মিডিয়া মহলে ভালোই পরিচিতি। ভবিষ্যতে কাজ করার ইচ্ছে আছে। একটা ভালো ছবির ঘোষণা হয়তো আমি অল্প সময়ের মধ্যে দিতে পারবো।