কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ১৪টি বিষধর গোখরা সাপ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার পুর্ব পয়ড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব সাপ পাওয়া যায়। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ক্লাস বন্ধ করে স্কুল ছুটি দেয় কতৃপক্ষ।
রবিবার দুপুর ১২ টার দিকে ক্লাস চলাকালে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী জানালা দিয়ে পাশের বন্ধ শ্রেনি কক্ষে প্রায় ২ ফুট দৈর্ঘ্যরে একটি সাপ দেখতে পায়। তার চিৎকারে বিদ্যালয়ের শিক্ষকরা গিয়ে আরো বেশ কয়েকটি সাপ দেখে তাৎক্ষণিক পাশ্ববর্তী লোকজনকে জানালে তারা সেগুলো মেরে ফেলে। পরে শ্রেণিকক্ষের মেঝের একটি অংশ ভেঙ্গে মোট ১৪ টি বিষধর গোখরা সাপ মেরে ফেলা হয় এবং বেশ কিছু ডিম নষ্ট করা হয়। প্রত্যেকটি ডিমের ভিতরে দেড় থেকে দুই ইঞ্চি সাপের বাচ্চা ছিল।
প্রধান শিক্ষক সুলতানা বেগম পারুল জানান, এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বিদ্যালয় ছুটি দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে ওই শ্রেণিকক্ষে আরো বেশকিছু সাপ থাকতে পারে।