'বহিষ্কারের এখতিয়ার আওয়ামী লীগের নেই'

 
সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী রবিবার তার এপিএস রুবেলের মাধ্যমে নির্বাচন কমিশনের দেয়া চিঠির জবাব দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, তাকে বহিষ্কারের কোনো এখতিয়ার আওয়ামী লীগের নেই। এখতিয়ার বহির্ভুতভাবে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণালকান্তি দাসের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠির জবাব দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, গঠনতন্ত্র মোতাবেক আব্দুল লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সংসদ সদস্য পদে থাকার কোনো সুযোগ নেই।
 
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৫ দিনের ভেতরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
 
এর আগে ১৬ জুলাই আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদে থাকার বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়ে আওয়ামী লীগ ও লতিফ সিদ্দিকীকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। রবিবার ছিল চিঠির জবাব দেয়ার শেষ দিন।