'বর্তমান রাজনীতি বিষাক্ত রাজনীতিতে পরিণত হয়েছে'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান রাজনীতি অনেকটা বিষাক্ত রাজনীতিতে পরিণত হয়েছে। রবিবার ‘বাংলাদেশ অপহরণ ও নিষ্ঠুর বর্বরতায় নারী ও শিশু নির্যাতন প্রতিবাদ’ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি।

এমাজউদ্দিন আহমদ বলেন, যাদের অধিকার সংরক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে তাদের আচরণ যথাযথ ও সঠিক নয়। আমরা চাই সমাজে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সমাপ্ত হোক। মানুষের অধিকার সংরক্ষণ হোক।

তিনি বলেন, বর্তমানে নারী ও শিশুদের উপর যেভাবে নির্যাতন চলছে তা অন্ধকার ও বর্বরতার যুগকেও হার মানায়। তবে যতক্ষণ পর্যন্ত টকশিক রাজনীতি সমাজ থেকে দূর করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত দেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। নারী-পুরুষ সবাই মিলে বসবাস যোগ্য পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি আরো বলেন, সীমাহিন ত্যাগ তিতীক্ষার মাধ্যমে যে রাষ্ট্রের জন্ম হয়েছে সেই রাষ্ট্রে নারী ও শিশু নির্যাতন মেনে নেয়া যায় না।

আয়োজক সংগঠনের সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ,সংগঠনের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা প্রমুখ।