পুলিশের প্রিজন ভ্যানে জবি শিক্ষার্থীদের হামলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা পুলিশের একটি প্রিজন ভ্যানে হামলা ও ভাঙচুর করেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর তাঁতীবাজার এলাকায় বংশাল থানার সামনে এ হামলার ঘটনা ঘটে।
 
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিরপুরগামী অনির্বাণ, উত্তরণ এবং গাজীপুরগামী উল্কা-২ বাস বংশাল থানার সামনে তাঁতীবাজার মোড়ে সিগনালে দাঁড়ায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল উত্তরণ বাস থেকে নেমে রাস্তার পাশের একটি দোকানে যায়। সিগনাল ছেড়ে দিলে বিশ্ববিদ্যালয়ের বাস তাকে রেখেই চলে যায়। এ সময় ফয়সাল মিরপুরগামী উত্তরণ বাস ধরতে আসামি বহন করা পুলিশের একটি প্রিজন ভ্যানের উঠে যায়।

প্রিজন ভ্যানে থাকা পুলিশ সদস্যরা তাকে নেমে যেতে বলে এবং পরে লাথি মেরে নিচে ফেলে দেয়। ফয়সাল রাস্তার মধ্যে পরে গেলে সামনে থাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পুলিশের প্রিজন ভ্যানে ভাঙচুর শুরু করে। এতে প্রিজন ভ্যানের সামনে গ্লাস ভেঙে যায়। 

প্রিজন ভ্যানটিতে ৫২জন আসামি ছিলেন। শিক্ষার্থীদের হামলায় প্রিজন ভ্যানের চালকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় বলে জানা যায়। আহত চালককে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করানো হয়েছে।

আরো পড়ুন: আসছেন প্রধানমন্ত্রী, সাজছে কুমুদিনী

প্রিজন ভ্যানে উঠতে চাওয়া জবি শিক্ষার্থী ফয়সাল বলেন, আমি ভুল করে সামনে উত্তরণ বাস ধরার জন্য পুলিশ ভ্যানে উঠেছিলাম। পুলিশ আমাকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছে।

কোতোয়ালী জোনের এসি বদরুল হাসান রিয়াদ বলেন, শিক্ষার্থীদের হামলায় প্রিজন ভ্যানটি ভাঙচুর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/অনি