রাবিতে ছাত্র ইউনিয়ন কর্মীকে পেটাল ছাত্রলীগ কর্মী

ক্লাস রুমের সামনে প্রেমিকা নিয়ে বসতে নিষেধ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের এক কর্মী ছাত্রলীগের এক কর্মীর হাতে প্রহৃত হয়েছেন। রবিবার দুপুরে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে এ ঘটনা ঘটে।
 
প্রহৃত আসিফ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথমবর্ষের এবং প্রহারকারী রাজিব আরবি চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
 
ছাত্রলীগ কর্মী রাজিবের দাবি, আসিফ খারাপ আচরণ করায় একটা চড় মেরেছেন।
 
রাবি শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি আয়াতুল্লাহ খোমেনি বলেন, ‘বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।’
 
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’