সিএসআর থেকে নতুন বাংলাদেশিদের অর্থসহায়তা

 
বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে অর্থসহায়তা দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সাইটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট।
 
সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে—দীর্ঘ ৬৮ বছর পর দহগ্রাম ও আঙ্গুরপোতাসহ ১১১টি ছিটমহল বাংলাদেশের অর্ন্তভুক্ত হয়েছে। এ অঞ্চলে বসবাসরত ভাগ্যহত ও সুবিধাবঞ্চিত জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা আবশ্যক। এরই ধারাবাহিকতায় আপনাদের সিএসআর বাজেট হতে এ অঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণ করার জন্য আপনাদেরকে পরামর্শ দেয়া যাচ্ছে। এ নাগরিকদের জন্য বরাদ্দের পরিমাণ অধিকারবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে খাতে দেখানোর জন্য বলা হয়েছে।
 
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত চুক্তি অনুযায়ী গত ১ আগস্ট থেকে ছিটমহল বিলুপ্ত হয়ে বাংলাদেশ ও ভারতের মূল ভূখন্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে প্রায় ৫০ হাজার ৫৮০ জন ছিটমহলবাসী বাংলাদেশে বৈধ নাগরিক হওয়ার সুযোগ পেয়েছে।