দ্বিতীয় টেস্টে খেলতে চান মুশফিক

স্পোর্টস রিপোর্টার

চোটের কারণে ছিলেন না সাকিব আল হাসান। দলের সঙ্গে থাকলেও চোটে পড়ায় খেলা হয়নি মুশফিকুর রহিমের। বিশ্রামে ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। নির্ভরযোগ্য তিন ক্রিকেটার ছাড়াই হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিল। ইনিংস ব্যবধানে হারলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশের প্রতিরোধ প্রশংসা কুড়িয়েছে।

আগামী ৮ মার্চ শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে মুশফিককে পেতে পারে বাংলাদেশ। খেলতে পারেন মুস্তাফিজও। পাঁজরে, কব্জিতে ব্যথা, সাইড স্ট্রেইনে ভোগা মুশফিক এখন অনেকটাই ফিট। ওয়েলিংটন টেস্টে খেলতে চান এ উইকেটকিপার ব্যাটসম্যান। সোমবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০’র ফাইনালের পর সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মুশফিকের সঙ্গে কথা হয়েছে জানিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘মুশফিকের সঙ্গে আজকেও (সোমবার) আমার কথা হয়েছে। সে জিমে গেছে, অনুশীলন করছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। সে বলেছে ভালো অনুভব করছে।’

ঝুঁকি না নিতে মুশফিককে বলেছিলেন বিসিবি সভাপতি। যদিও সাবেক এ অধিনায়ক নিজেই খেলতে ইচ্ছা প্রকাশ করেছেন। নাজমুল হাসান পাপন বলেছেন, ‘প্রাথমিক ভাবে আমাদের ধারণা ছিল তৃতীয় টেস্টটা খেলবে। আমি বলেছি তাকে ঝুঁকি না নেওয়ার জন্য। একটুও যদি সমস্যা থাকে তাহলেও খেলবে না। কারণ তার ফিট থাকাটা জরুরি। সেজন্য আমি বলেছি, তুমি যদি মনে করো সম্পূর্ণ ফিট আছো, ফিজিওরা যদি বলে ঠিক আছো। তাহলে তুমি দ্বিতীয় টেস্টে খেলতে পারো। সে বলেছে, অবশ্যই। আমিতো খেলতেই চাচ্ছি।’

নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে খেলার পর আর মাঠে নামতে পারেননি মুশফিক। টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ, হ্যামিল্টনে প্রথম টেস্ট মিস করেছেন অভিজ্ঞ এ ক্রিকেটার।