প্রশ্নপত্র ফাঁসের দায়ে পলিটেকনিকের ৬ ছাত্র আটক

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে যশোর থেকে রবিবার ৬ ছাত্রকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)। সোমবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব কথা জানান।

মনিরুল ইসলাম বলেন, গ্রেফতার ছাত্রদের কাছ থেকে ট্যাব, ছয়টি মোবাইল সেট, ও মেমোরি জব্দ করেছে ডিবি। ওই মেমোরিতে প্রশ্নপত্র রাখা ছিল।

তিনি আরো জানান, সুমন আহমেদ, আব্দুর রহমান, আব্দুর রহমান ওরফে লিটন, এস এম তানভীর আলম, জনি রহমান ও আরাফাত হোসেন নামের এই ৬ জন যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ও যশোরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। আর্থিক লেনদেন ছাড়া বন্ধুদের মধ্যে তারা প্রশ্নপত্র ফাঁস করত।