ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক থাকার দীর্ঘ ৭ বছর পর রবিবার সন্ধ্যায় সদর উপজেলার দৈঝুরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আলামিন ঐ গ্রামের ইসাহাক মন্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ কোর্টের গ্রেফতারি পরোয়ানার রেকর্ড থেকে জানান, কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের মনিরুজ্জামানের মেয়ে রোকসানা বেগম ওরফে আদুরির সাথে বিয়ে হয় আমিনুলের । বিয়ের পর থেকে আলামিন শ্বশুরের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুক না পেয়ে সে স্ত্রীকে অত্যাচার করত।
স্বামীর অত্যাচারের কারনে আদুরি বাবার বাড়ি চলে যায়। ২০০৬ সালের ১৮ এপ্রিল আলামিন শ্বশুর বাড়িতে এসে তার স্ত্রী আদুরিকে হত্যা করে পালিয়ে যায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়। বিচার শেষে ২০০৮ সালের ২২ অক্টোবর আদালত স্ত্রী হত্যার দায়ে আমিনুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেয়।