গত বছর ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান অভিনীত চলচ্চিত্র ‘পিকে’ মুক্তি পেয়েছিল। অনেকটা সময় পেরিয়ে গেলেও এবার এই ছবির জন্য বিপাকে পড়তে হয়েছে। চলচ্চিত্রটির একটি দৃশ্যে পুলিশকে ‘ঠোলা’ বলেছিলেন আমির খান। এজন্য তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা।
উল্লাস পিআর নামের ঐ নির্মাতা দিল্লির নিউ অশোক নগর পুলিশ স্টেশনে অভিযোগটি দায়ের করেন। তার অভিযোগ অনুযায়ী, ‘পিকে’তে আমির খান পুলিশকে নিয়ে মর্যাদা হানিকার শব্দ ‘ঠোলা’ ব্যবহার করেছেন।
দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার বিষয় উল্লেখ করে তিনি বলেন, গত ২৬ জুলাই টিভিতে আমি চলচ্চিত্রটি দেখি। সেখানের একটি দৃশ্যে আমির একজন পুলিশ অফিসারকে ‘ঠোলা’ বলেন। গত কয়দিন চিন্তা করে দেখলাম একই শব্দ ব্যবহার করার জন্য যদি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করা হয় তবে আমির খানের বিরুদ্ধে কেন নয়?
উল্লাসের ভাষ্যে, আমির চলচ্চিত্রে ‘ঠোলা’ শব্দটি ব্যবহার করেছেন। পুলিশ যদি মনে করে এটি বলে তাদের অপমান করা হয়েছে তবে তারা মামলা গ্রহণ করতে পারেন। ব্যক্তিগতভাবে আমির খান আমার শত্রুও নয়, কেজরিওয়ালও আমার বন্ধু নয়। খবর: ওয়ান ইন্ডিয়া।