স্পোর্টস রিপোর্টার
বসুন্ধরা কিংসই প্রিমিয়ার ফুটবল লিগে একমাত্র দল যারা এখনো কোনো হারের মুখ দেখেনি। ১০ খেলায় একটি মাত্র ড্র। বাদবাকি সবই জয়। জয়ের পথে এগিয়ে চলা বসুন্ধরা কিংস গতকাল মঙ্গলবার ব্রাজিলিয়ান মার্কোসের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
প্রিমিয়ার লিগের নবাগত বসুন্ধরা নয় খেলায় আট জয়ে ২৫ পয়েন্ট নিয়ে এখন সবার উপরে। শিরোপা জয়ের জন্য বড় বাজেটের দল গড়ে বসুন্ধরা এর সুফল নিয়ে এগিয়ে যাচ্ছে।
শেখ রাসেল লিগে নিজেদের খেলায় কাল প্রথম হারের মুখ দেখল। নয় খেলায় ছয় জয়ে দুই ড্র থাকলেও এতদিন হার ছিল না। নীলফামারীর মাঠে শেখ রাসেলের গায়ে হারের সীল সেঁটে দিয়েছে বসুন্ধরা।
শেখ রাসেল এদিন জিতলে বসুন্ধরাকে টপকে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সেটা হলো না। বসুন্ধরা তাদের নিজেদের ভেন্যুতে দর্শকদের জয় উপহার দিয়ে মাঠে ছেড়েছে।
আরামবাগের ড্রেসিং রুমে ক্ষোভ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ কাল রহমতগঞ্জকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে চার নম্বরে চলে যেত। কিন্তু দলের খেলোয়াড়দের এমন মন্ত্রণা দেওয়ার পরও আরামবাগের খেলোয়াড়রা সেটা করতে পারেনি। পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থাকা রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।
আরামবাগের কোচ মারুফুল হক তাই ক্ষুব্ধ। ড্রেসিং রুমে গিয়ে চোখমুখ কালো করে ক্ষোভটা প্রকাশ করেছেন তিনি। এত কষ্ট করে দলটাকে টেনে একটা ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা যেন বৃথা যাচ্ছে। খেলোয়াড়রা নিজেদের মর্যাদা বুঝতে পারছেন না।
খেলোয়াড়দের সেদিকে মনোযোগ নেই কেন? মারুফুলের সোজা-সাপ্টা জবাব, ‘একমাস বন্ধ থাকবে খেলা। কখন বাড়ি যাবে সেই চিন্তায় ব্যস্ত। ছুটি পাবে বাড়ি যাবে সেটাই এখন ওদের কাছে বড়।’ আরামবাগ চতুর্থ মিনিটে জাহিদের গোলে এগিয়ে যায় ১-০। ৩৬ মিনিটে রহমতগঞ্জের কঙ্গোর সিউ জুনপিওর গোলে সমতা ১-১। মারুফ বলছেন, ‘এরপরও আমরা সুযোগ পেয়েছিলাম। মনোযোগ না থাকলে কাজে লাগবে কি করে।’
মুক্তিযোদ্ধার চতুর্থ জয়
কম খরচে দল গড়ে ভালোই করছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ৩-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। জাপানি ফুটবলার ইউসুকো কাতো ৮০ ও ৬১ মিনিটে গোল করেন। ব্রাদার্সের দুর্বলতায় শেষ দিকে মেহেদী হাসান রয়েলও গোল করেন ৩-০। নয় খেলায় চার জয়ে ১৩ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা এখন ছয় নম্বরে।
এক মাস বন্ধ লিগ
প্রিমিয়ার ফুটবল লিগ টানা এক মাস বন্ধ থাকবে। গতকালই শেষ হয়ে গেছে লিগের ৬০ ম্যাচ। কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ, বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাই। শেষ হতে প্রায় মাস চলে যাবে। ৬ এপ্রিল পুনরায় লিগের খেলা শুরু হবে।