কোচের দল গড়া নিয়ে প্রশ্ন

কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ

 স্পোর্টস রিপোর্টার

আবাহনীর মামুনুল ইসলাম, সোহেল রানা, আরামবাগের গোলকিপার মাজহারুল ইসলাম হিমেল ও আরিফুর রহমানকে বাদ দিয়ে জাতীয় ফুটবল দল আজ কম্বোডিয়া যাচ্ছে।

কম্বোডিয়ার বিপক্ষে ফিফার প্রীতি ম্যাচ ৯ মার্চ। বাংলাদেশ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে এই ম্যাচটিতে লড়াই করার জন্য গতকাল বিকালে ২৩ ফুটবলারের নাম ঘোষণা করেছেন। গত শনিবার যে নামগুলো ঘোষণা করা হয়েছিল, কাল তার মধ্যে চারজন নেই। আরামবাগের আরিফুর ইনজুরির কারণে বাদ পড়েন। সোহেল রানা, মামুনুল ইসলামের বাদ পড়ার কারণ পারফরম্যান্সের ঘাটতি। গোলকিপার চারজনের মধ্যে হিমেলকে ছেঁটে ফেলেছেন কোচ।

প্রশ্ন উঠেছে অনুশীলন না দেখে কেন বাদ দেয়া হলো। আর যদি বাদই দিতে হয় তাহলে কেনই বা তাদের ডাকা হয়েছিল। অনুশীলন করার সুযোগ পাওয়া যাবে না সেটা আগেই জানা ছিল। ব্রিটিশ কোচ জেমি জানিয়ে দিয়েছিলেন জাতীয় দলের অনুশীলন হবে না। ক্লাব পারফরম্যান্স দেখে চূড়ান্ত দল ঘোষণা করবেন। ২৩ জনের দল যাবে তাই কমাতে হয়েছে।

প্রশ্ন উঠেছে ক্লাব পারফরম্যান্স বিবেচনায় নিলে এই চার খেলোয়াড়কে ডাকা হলো কেন। সেদিকে আর যায়নি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। মামুনুল লিগের খেলায় মাঠের বাইরে থাকেন। তাকে নিয়েই আবার বাদ দেয়া হলো। এ কারণে আলোচনা হচ্ছে জেমি ডে যদি নিজেই খেলোয়াড় বাছাই করে থাকেন তাহলে তিনিই বা কি করে দুই দিন পরই বাদ দেন।

মামুনুলকে বাদ দেয়া নিয়ে কথা বলেছেন এই কোচ। ব্রিটিশ কোচ মামুনুলের প্রশংসা করে বললেন, ‘সে খুব ভালো খেলোয়াড়। অভিজ্ঞ। রেগুলার ম্যাচ খেলেনি। সোহেল রানা এবং মামুনুল যথেষ্ট পরিমাণে ম্যাচ না খেলার কারণে বাদ দেয়া হয়েছে।’

বিতর্কিত গোলকিপার আবাহনীর সোহেলকে এবারও জাতীয় দলে রাখা হয়েছে। তার ভুলের কারণে বাংলাদেশ সাফে গোল হজম করেছিল নেপালের বিপক্ষে। তারও আগে নীলফামারীতে শ্রীলঙ্কার বিপক্ষেও গোল হজম করেছিল। তারপরও গোলকিপার সোহেল জাতীয় দলে থাকছেন।

গোলকিপার হিমেল সম্পর্কে জেমি ডে বলেন, ‘চারজন গোলকিপার রয়েছে। বাছাই করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। সবকিছু বিবেচনা করে হিমেলকে আমরা বাদ দিয়েছি।’ তবে শেখ রাসেলের আক্রমণভাগের ফুটবলার দুর্ঘটনায় স্ত্রী ও সন্তান হারানো সোহেল রানা রয়েছেন এই দলে।

প্রীতি ম্যাচের জন্য চূড়ান্ত দল ঃ

গোলকিপার সোহেল, আশরাফুল রানা, জিকো, ইয়াসিন খান, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, মঞ্জুরুর রহমান মানিক, সুশান্ত ত্রিপুরা, বিপলু আহমেদ, ফাহাদ, সোহেল রানা, জামাল ভুইয়া, রবিউল হাসান, ইমন বাবু, মাসুক মিয়া জনি, রুবেল মিয়া, নাবীব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, ইব্রাহিম এবং সুফিল।