আশুগঞ্জ রেলগেট মার্কেটে অগ্নিকাণ্ড, ১৬ দোকান ছাই

জেলার আশুগঞ্জ উপজেলা সদরের রেলগেট এলাকায় এক মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১২ টি স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত ১৬টি দোকান ভস্মীভূত হয়ে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।
 
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
সোমবার সকাল সাতটার দিকে উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রেলগেট এলাকায় একটি বন্ধ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ১৬ টি পণ্যসামগ্রী ও ফলমূলের দোকানের মালামাল ও নগদ টাকা ছাই হয়ে যায়।
 
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে  ভৈরব ফায়ার সার্ভিসের  পাঁচটি ইউনিট  প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের গাড়িগুলো ওই সড়কে অবস্থান করলে এ সময় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল নয়টায় আগুন নিয়ন্ত্রণে আসলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. শহীদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।